ধলাই সেতু এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে ১ বছরের কারাদণ্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৫, ৭:২৮:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : অবৈধ বালু উত্তোলনের দায়ে সিলেটের কোম্পানীগঞ্জে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ধলাই নদীর ধলাই সেতু এলাকার ইজারা বহির্ভুত স্থানে থেকে বালু তোলার অপরাধে তাদেরকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর বুড়দেও গ্রামের আব্দুল হান্নানের ছেলে মিজান আহমেদ (৩০) ও শাহাব উদ্দিনের ছেলে মেরাজুল আলী (৩২)। তারা দু’জনেই সাধারণ বালু শ্রমিক।
জানা যায়, শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ধলাই সেতু এলাকার লিজ বহির্ভূত জায়গা থেকে বালু তোলার অপরাধে মাটি ব্যবস্থাপনা আইনে মিজান আহমেদ ও মেরাজুল আলীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া। তিনি জানান, ধলাই সেতু এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণে সক্রিয়। যেকোনো মূল্যে আমরা অবৈধভাবে বালু-পাথর উত্তোলন প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুত।




