ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৫০ হাজার ঘনফুট পাথর ধোপাগুল থেকে উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ৭:৫৫:২২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে র্যাব-৯, সিলেট। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-৯ গোপন সূত্রে জানতে পারে যে, সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় বাজারের পূর্ব প্রান্তে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর রয়েছে। পরবর্তীতে র্যাব-৯ এর টহল টিম, সাদা পোশাকধারী সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল শনিবার বিকেলে সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় অভিযান পরিচালনা করে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া আনুমানিক ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, জব্দকৃত পাথরের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।




