কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৬:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একটি বিশেষ টহলদল রোববার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় নজুরভাঙ্গা নামক স্থানে কৌশলগত অবস্থান গ্রহণ করে। মাদক চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় মদ নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা মদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১ হাজার ৫৭১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সিলেটের সীমান্তবর্তী উৎমা এলাকা থেকে অবৈধ বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদের বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




