ইংল্যান্ডে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের সূধী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৯:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের ফ্লিট শহরের জাল রেস্টুরেন্টে ৭ই সেপ্টেম্বর বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (BANCAT)-এর উদ্যোগে এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অসহায় ও দুস্থ ক্যান্সার রোগীদের সহায়তার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মাকসুদ খান বাবুল। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম বাসন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ট্রাস্টটির প্রতিষ্ঠাতা নাজমুস আহমেদ আলবাব।
সমাবেশে কমিউনিটির নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আব্দুল মুহায়মেন মিয়া, আয়োজক রেস্টুরেন্টের সত্তাধিকারী আজিজ মিয়া, আব্দুল ওয়াসী চৌধুরী (ছামি), জালাল আহমেদ, এম. এ. রউফ, কামাল ইয়াকুব, আব্দুল মজিদ সাত্তার, জাহাঙ্গীর হক, এম. এ. রাহিম, রহুল আলম চৌধুরী, নুরুল আমিন রানা, মোহাম্মাদ আশিকুল ইসলাম, অ্যাকাউন্ট্যান্ট আবদুর রাজ্জাক ও শাহ মাহমুদ প্রমুখ।
প্রতিষ্ঠাতা নাজমুস আহমেদ আলবাব তাঁর বক্তব্যে জানান, বর্তমানে ঢাকা বসুন্ধরার “মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাস” নামে ৯০ শয্যার একটি পরিচর্যা কেন্দ্র পরিচালনা করছে BANCAT, যেখানে ক্যান্সার রোগীদের জন্য বিনামূল্যে আবাসন, খাদ্য ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। এছাড়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৫ একর জমির ওপর “আলোক নিবাস” নামের ৫ টি নির্মতব্য ভবনের নির্মাণকাজ চলছে। যেখানে প্রবাসীদেরও অংশগ্রহণের সুযোগ রয়েছে। পাশাপাশি “আলোক কথা” নামে BANCAT এর আরেকটি বিশেষ প্রকল্প রয়েছে যেখানে তৈরীকৃত কাঁথা বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ সম্পূর্ণভাবে ক্যানসার রোগীদের সহায়তায় ব্যয় করা হবে।
সমাবেশে বক্তারা যুক্তরাজ্যে “Friends of BANCAT” নামে একটি কমিটি গঠনের তাগিদ অনুভব করেন , যাতে প্রবাসীরা এই মহৎ উদ্যোগকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে পারেন।
অনুষ্ঠানে বিশেষভাবে প্রদর্শন করা হয় “আলোক কথা” প্রকল্পের তৈরি নকশি কাঁথা। এ উপলক্ষে উপস্থিত অতিথিদের সহযোগিতায় ২,৫০০ পাউন্ড অনুদান সংগ্রহ হয়, যা সম্পূর্ণভাবে ক্যান্সার রোগীদের সহায়তায় ব্যয় করা হবে।
সমাপনী বক্তব্যে সভাপতি মাকসুদ খান বাবুল অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মানবতার কল্যাণে সবাইকে পাশে থাকার আহবান জানান।




