কমলগঞ্জে মাটি খুঁড়তে গিয়ে পুরনো গ্রেনেড উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ২:২০:৩২ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : কমলগঞ্জে বাড়ির পাশে সবজি চাষের জন্য জমি খুঁড়তে গিয়ে একটি পুরনো গ্রেনেড পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, গ্রামের মাখতাবুর রহমানের বাড়ির পরিত্যক্ত জায়গায় পরিবারের এক নারী সদস্য সবজি বীজ রোপণের জন্য মাটিতে গর্ত খুঁড়ছিলেন। এ সময় মাটির নিচ থেকে একটি ছোট আকৃতির গ্রেনেড উঠে আসে। এটি দেখতে পেয়ে পাশে থাকা আবু বক্কর গ্রেনেডটির ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করে। পরে পুলিশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হয়। গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞ টিম আসার আগ পর্যন্ত এলাকাটি পুলিশি তত্ত্বাবধানে থাকবে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং এলাকাটি নিরাপদ করি। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।




