ভারত থেকে আসা ১১ জন বিজিবির হাতে আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৫, ১২:২২:০৮ অপরাহ্ন
বড়লেখা (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ফিরে আসা নারী-শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবির টহল দল।
গতকাল শনিবার (২৬ জুলাই) সকালে সীমান্তবর্তী বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা সবাই বাংলাদেশের নাগরিক।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সোয়া সাতটার দিকে বড়লেখা উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে নারী-শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিক এবং তাদের সহায়তাকারী একজনসহ ১১ জনকে আটক করেছে বিজিবির টহল দল। আটক ১০ জনের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন, শিশু ৪টি এবং তাদের সহায়তাকারী একজন রয়েছেন।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে জানা গেছে, তারা সুনামগঞ্জ জেলার বেদেপল্লির সদস্য। ছয় মাস আগে মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তারা। সম্প্রতি ভারতের অভ্যন্তরে অবৈধ নাগরিক উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে আটক ব্যক্তিরা বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী টাকার বিনিময়ে দালালের মাধ্যমে শুক্রবার রাতের অন্ধকারে তারা বাংলাদেশে প্রবেশ করেন। আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের জন্য স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বিজিবি-৫২’এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




