শৃঙ্খলা মেনে পরিশ্রম করলে অবশ্যই সাফল্য আসবে : দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৫:২১:৪৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : দেশবরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী বলেছেন, দেশের সেরা বা আন্তর্জাতিক মানের খেলোয়াড় হতে হলে নিয়মিত পরিশ্রম করতে হবে। শৃঙ্খলা মেনে পরিশ্রম করলে অবশ্যই সাফল্য আসবে।
গতকাল বুধবার রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমিতে নতুন ক্রিকেট সরঞ্জাম বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। একজন ভালো খেলোয়াড় হতে হলে অনুশীলনের বিকল্প নেই উল্লেখ করে শিক্ষা বিস্তারের অগ্রদূত, ক্রীড়া ও সাংস্কৃতির পৃষ্ঠপোষক দানবীর ড. রাগীব আলী বলেন, খেলোয়াড়দের প্রতিদিন নিজেকে প্রস্তুত করতে হবে। প্রতিদিন অনুশীলন চালিয়ে গেলে একদিন দক্ষতায়, কৌশলে, মানসিক শক্তিতে অনন্য হয়ে উঠবেন।
তিনি বলেন, ক্রিকেট শুধু প্রতিভার খেলা নয়, এটি শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ^াসের খেলা। আর আত্মবিশ^াস আসবে অনুশীলনের মাধ্যমে। অসংখ্য শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মানবকল্যাণে নিবেদিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী আরো বলেন, কাজের প্রতি সৎ থাকো, কোচদের নির্দেশনা মেনে চলো এবং প্রতিটি প্র্যাকটিস সেশনকে নিজের উন্নতির সুযোগ হিসেবে নাও। তোমাদের মধ্যে থেকেই একদিন দেশের প্রতিনিধিত্ব করার মতো বড় খেলোয়াড় তৈরি হবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ও রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ও রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমান, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. মফিজুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির পরিচালক(অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির পরিচালক মো. মাহবুবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির পরিচালক ও ক্রিকেট উইথ সামি এর সিইও মাহমুদুল ইসলাম।




