কোম্পানীগঞ্জে পাহাড়ি ঢলে আসা লাকড়ি ধরতে গিয়ে যুবক নিখোঁজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৫, ৩:৩১:০৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে কোম্পানীগঞ্জে এক যুবক নিখোঁজ হয়েছেন। আফতাবউদ্দিন (৩১) নামে এই যুবক কোম্পানীগঞ্জ উপজেলার কালিবাড়ি গ্রাামের মৃত শফিক মিয়ার ছেলে। গতকাল রোববার সকালে ধলাই নদী দিয়ে উজান থেকে ভেসে আসা লাকড়ি কুড়াতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিখোঁজের স্বজনরা জানান, আফতাব সকাল ৭টার দিকে ধলাই নদী দিয়ে উজান থেকে ভেসে আসা লাকড়ি কুড়ানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। পরে স্থানীয়দের দ্বারা জানতে পারেন নদীর স্রোতের টানে ভেসে গেছেন আফতাব। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম সন্ধ্যা পর্যন্ত ওই যুবকের সন্ধান চালায়। তবে তাকে পাওয়া যায়নি। অন্ধকার হয়ে যাওয়ায় অনুসন্ধান কার্যক্রম বন্ধ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে ফের শুরু করা হবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ধলাই নদীর স্রোতে এক যুবক ভেসে যাওয়ার খবর পেয়েছি। আজ সোমবার সকাল থেকে ডুবুরি দল আবারও তাকে উদ্ধারের জন্য অনুসন্ধান শুরু করবে বলেও জানান তিনি।




