সিলেটে পক্ষকালব্যাপী বৃক্ষমেলা শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৫, ১:৫৮:৩৫ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শুরু হয়েছে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর রিকাবীবাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।
সিলেটের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সুবর্ণা সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা, সিলেটের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমানও সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের এসপি (অপারেশন ও ট্রাফিক)মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফরেস্ট কোয়ার্টার জামে মসজিদের ইমাম মাওলানা ফয়ছল আহমদ, গীতা পাঠ করেন শ্যামাপদ মিশ্র, ত্রিপিঠক পাঠ করেন চন্দ্র শেখর বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যা এবং পরিকল্পিত বনায়নের গুরুত্ব তুলে ধরাই মেলার আয়োজনের উদ্দেশ্য বলে তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ অভিযান ফলপ্রসূ করতে আর্থিক, পরিবেশগত উপযোগিতা ও পুষ্টিগুণ বিবেচনায় ব্যাপকভাবে দেশজুড়ে ফলদ, বনজ এবং ভেষজ গাছের চারা রোপণ প্রয়োজন। সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করার প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।
এসময় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিলেট বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মেলায় স্থান পেয়েছে ৫৬টি স্টল। এসব স্টল থেকে বিভিন্ন প্রজাতির গাছের প্রদর্শনী ও বেচা-কেনা চলবে বলে জানান আয়োজকরা। আগামী ২৩ আগস্ট পর্যন্ত মেলা চলবে।




