জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মালয়েশিয়ায় বিতর্ক প্রতিযোগিতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ১০:১৪:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাসকার উদ্যোগে ’ইকোস অব জুলাই রেভ্যুলেশনঃ ডিবেট এন্ড কালচারাল নাইট’ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী বিভিন্ন রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা শেষে গেল ১৫ আগস্ট ডিবেটের ফাইনাল রাউন্ড ও এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়ায় অধ্যায়নরত প্রায় ৬০টি দেশের শিক্ষার্থীরা উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেন। জুলাই অভ্যুত্থান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এটিই প্রথম কোন বিতর্কের আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার শামিম আহসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল ক্যাম্পাসে এরকম কোন আয়োজন আমি প্রত্যাশা করিনি। তাছাড়া শিল্পী, কালচারাল টিমের সদস্য নিয়ে নানা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-হাইকমিশনার মুসাম্মাত শাহানারা মনিকা। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্বারী নাইম আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রোগ্রামে ডিবেট প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়৷ সংসদীয় পদ্ধতির ডিবেটে মোশন ছিলো- ‘This House Believes That the Youth Leadership of the July Revolution 2024 in Bangladesh Demonstrates the Need for Greater Youth Representation in National Politics.’ অংশগ্রহণকারী দল দুটি ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের বিতার্কিকরা অংশগ্রহণ করেন।
পরে বাসকা প্রেসিডেন্ট শেখ মুযযাম্মিল হোসেনের উদ্বোধনী বক্তব্যের পর কালচারাল নাইটে বাংলাদেশের লোকগীতি, দেশাত্মবোধক গান, জুলাই ড্রামা, জুলাই ও বাংলাদেশের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসময় শত শত শিক্ষার্থী এসব আয়োজন উপভোগ করেন।
সবশেষে ডিবেট কম্পিটিশনের বিজয়ী দল ও শ্রেষ্ঠ বিতার্কিকদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।




