কানাইঘাটে যুবতীকে পাশবিক নির্যাতনের অভিযোগে আটক ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৪:১২:১২ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কানাইঘাটের সড়কের বাজারে এক যুবতীকে পাশবিক নির্যাতনের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে সড়কের বাজারে অজ্ঞাত পরিচয়ের ওই যুবতী পাশবিক নির্যাতনের শিকার হন।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে সড়কের বাজারে ঘোরাফেরা করছিল এক যুবতী। তখন বাজারের হোটেল কর্মচারী স্থানীয় মানিকপুর গ্রামের দুলাল আহমদ এবং মিশুক চালক করচটি নালুহারা গ্রামের ফজলুর রহমানের পুত্র জাকারিয়া ওই যুবতীকে একটি গোডাউনে নিয়ে পাশবিক নির্যাতন করে।
বাজারের নৈশ প্রহরীরা ঘটনাটি দেখতে পেয়ে পরদিন তারা বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে অবহিত করেন।
কমিটির নেতৃবৃন্দ গতকাল শনিবার দুপুরে অভিযুক্ত দুলাল আহমদ ও জাকারিয়াকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা পাশবিক নির্যাতনের কথা স্বীকার করেন। পরে বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার লোকজন কানাইঘাট থানা পুলিশকে জানালে পুলিশ অভিযুক্ত দুই যুবককে থানায় নিয়ে আসেন।
সড়কের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ জানান, অজ্ঞাতনামা যুবতীকে পাশবিক নির্যাতনের বিষয়টি বাজারের নৈশ প্রহরীরা ব্যবসায়ীদের জানান। পরে অভিযুক্তরা ঘটনা স্বীকার করেন। আব্দুল্লাহ বলেন, অজ্ঞাতনামা এ যুবতী ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন। ওই যুবতীর পরিচয় সনাক্ত করতে তাকে খোঁজা হচ্ছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, অজ্ঞাতনামা মহিলাকে পাশবিক নির্যাতনের ঘটনাটি সড়কের বাজারের ব্যবসায়ীদের জানালে ২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে, এখন পর্যন্ত ভিকটিমের পরিচয় পাওয়া যায়নি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।




