ফেঞ্চুগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ টি দোকান পুড়ে ছাই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৬, ৭:৪২:০২ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের ফেঞ্চুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মালামাল সহ ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিয়ালীবাজারে অবস্হিত মাসুক মিয়ার মার্কেটে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সুত্র থেকে জানা গেছে, রাতে মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে মুহুর্তে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে মাকের্টের ৭ টি দোকানে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার ষ্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্হলে ছুটে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষনে আগুনে পুড়ে সম্পুর্ন ছাই হয়ে গেছে দোকানের মালামাল।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান জানিয়েছেন, মার্কেটের একটি দোকানে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে ৪ টি ভেরাইটিজ ষ্টোর, ২ টি লাইব্রেরী, ১ টি ইলেকট্রনিক্সের দোকান।
ক্ষতিগ্রস্থ নিহা ভেরাইটিজ ষ্টোরের সত্বাধিকারী জামাল হোসেন জানান, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসলে ও
দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। দোকান গৃহ সহ ক্ষতিগ্রস্থ ৭ টি দোকানের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।


