সিলেট-৪ খালেদা জিয়াকে উপহার দিতে চাই : আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ২:৩৯:২১ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ দলীয় মনোনয়ন পেয়ে সিলেট ফিরেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ঢাকা থেকে বিমানযোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের বিএনপি নেতা-কর্মী ও আরিফুল হকের শুভাকাঙ্খীরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এরপর সোজা তিনি চলে যান বাসায় থাকা বৃদ্ধ মায়ের কাছে। মায়ের দোয়া নিয়ে রাতেই বের হয়ে পড়েন দলের মনোনয়ন প্রত্যাশীদের বাসায়।
এর আগে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা সবাই একই পরিবার। ধানের শীষের বিজয় ছিনিয়ে এনে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে আমরা মাঠে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার সকল নাগরিক ও দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে উপজেলাগুলোকে সুন্দর ও আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে চাই।’
এ সময় তিনি তাঁর নির্বাচনী এলাকার সকল নাগরিক, উপস্থিত দলীয় নেতকর্মী ও সাংবাদিকদের প্রতি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।




