ওসমানীতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
৭ নভেম্বর আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যূদয়ের দিন : মুক্তাদির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৫:২৯:০৮ অপরাহ্ন
ডা: এস.এম. আসাদুজ্জামান জুয়েল : সিলেট ওসমানী মেডিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গতকাল শুক্রবার অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। ‘ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’ সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখা দিবসটি উপলক্ষে নানা আয়োজন করে। আলোচনা সভা, র্যালীসহ অন্যান্য অনুষ্ঠান নিয়ে সাজানো ছিল দিনটি।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট-১ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করেন ড্যাব সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. শামীমুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, ড্যাব ওসমানী মেডিকেল কলেজ শাখার সহ সভাপতি অধ্যাপক ডা. শাহ নেওয়াজ চৌধুরী, ড্যাব ওসমানী মেডিকেল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউরো সার্জারী বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ ও ডেন্টাল ইউনিট প্রধান সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম সাগর। প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল সিপাহী-জনতার বিপ্লবের দিন, ছিল আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যূদয়ের দিন। এদিন বিপ্লবীরা বন্দীদশা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ক্ষণজমা পুরুষ, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে আনতে পেরেছিল বলেই মাত্র সাড়ে ৩ বছরের সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা টিকে ছিল এবং নিঃস্ব দেশটির অর্থনীতিসহ নানা সূচকে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছিল।
তিনি উপস্থিত সকলকে এ দিনটির তাৎপর্য লালন করার অনুরোধ জানিয়ে সামনে ফেব্রুয়ারীর নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট দেবার অনুরোধ জানান। বিশেষ অতিথিবৃন্দ বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতা বন্দী দশা থেকে বীর উত্তম মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করার ফলশ্রুতিতে তাঁর কল্যাণে দেশ অস্থিতিশীল পরিবেশ থেকে একটি সুশৃংখল পরিবেশে ফিরে আসে।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন- সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল বাশার। উপস্থাপনায় ছিলেন, ড্যাব সিওমেক শাখার সাংগঠনিক সম্পাদক ও কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক ডা. মো. শুয়াইব আহমদ (শোয়েব)। অনুষ্ঠানে ওসমানী মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের শিক্ষকবৃন্দ, চিকিৎসক, ছাত্র/ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




