গণভোট আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৪:৪৯:৩৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘টানা-হেঁচড়া’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা দল বলতেছে গণভোট হতে হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কী বুঝেন? উপস্থিত জনতার নেতিবাচক মন্তব্যের জবাবে তিনি বলেন- গণভোট সনদ এসব কী আমরা বুঝি? বুঝি না কিছু। এসব বুঝে শিক্ষিত উঁচুতলা থেকে কিছু লোক আসছে, আইশা আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
রোববার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল নিজেদের অবস্থান পরিষ্কার করে দৃঢ়তার সঙ্গে বলেন, এই মাটিতেই আমাদের জন্ম, এই মাটিতেই আমরা থাকি, এখানেই সুখ-দুঃখের সঙ্গে বাঁচি এবং মরলে এই মাটিতেই মরব। দেশের মাটি ছেড়ে যাবো না।
তিনি বলেন, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে ‘পালিয়ে যাওয়া’ প্রমাণ করেছে যে, তার দলের কর্মী এবং দেশের জনগণের প্রতি তার বিন্দুমাত্রও দরদ ছিল না। তিনি কর্মীদের অসহায় অবস্থায় ফেলে গেছেন।
বক্তব্যের শুরুতে তিনি বলেন, বয়স হয়ে গেছে। ৭৮ বছর বয়স। আপনারা কেমন আছেন মা-বোনেরা। মুই আলমগীর (আমি আলমগীর)। আমাকে আলমগীর স্যার বলেন। কারণ আমি ঠাকুরগাঁও সরকারি কলেজে শিক্ষকতা করেছি, আমার অনেক ছাত্র আছে। এ কারণে আমাকে সবাই স্যার বলে। তিনি যোগ করেন- নির্বাচনে কখনো হেরেছেন কখনো জিতেছেন, তবে তিনি জনগণকে ছেড়ে যাননি।




