দিরাইয়ে জমিয়তের মোটরসাইকেল শোডাউন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ১:৩২:৩৪ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এবং সুনামগঞ্জ-২ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদের যুক্তরাজ্য থেকে দেশে আগমন উপলক্ষে গতকাল সোমবার মোটরসাইকেল শোডাউন হয়েছে দিরাইয়ে। দুপুরে তিনি নিজ নির্বাচনি এলাকায় আসলে দিরাই-শাল্লার জনগণ তাকে মোটরবাইক শোভাযাত্রাসহ অভ্যর্থনা জানান।
শোডাউনটি দিরাই উপজেলার মদনপুর সড়কের শরিফপুর এলাকা থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের থানা পয়েন্টে এসে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহিউদ্দিন কাসেমীর সভাপতিত্বে ও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. মাওলানা শোয়াইব আহমদ বলেন, সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসন বাদ দিয়ে বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন হবে না। জোট হোক বা না হোক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই আসনে খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আব্দুল মালেক চৌধুরী।




