অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি মুশফেকুর রহমান
নাশকতামূলক কর্মকান্ড সম্পর্কে পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ২:০৪:০৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১ম মামলার রায়কে কেন্দ্র করে পতিত সরকারের অনুসারীরা যাতে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে-সে ব্যাপারে পুলিশ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। এ ব্যাপারে পুলিশ সদস্যদের কঠোর নজরদারির তাগিদ তার।
গতকাল সোমবার সিলেট রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।
ডিআইজি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য দৃশ্যমান স্থানে চেকপোষ্ট বসিয়ে ফিটনেস বিহীন গাড়ি ও বেপরোয়া চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, শীত মৌসুমে থানা এলাকায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পেয়ে থাকে। তাই, মানুষের বাসা-বাড়ি, মার্কেট, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় যাতে চুরি, ডাকাতি বৃদ্ধি না পায় সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ টহল বৃদ্ধিসহ গোয়েন্দা নজরদারী বাড়াতে নির্দেশ দেন।
রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) পুলিশ সুপার আনোয়ারুল হকের সঞ্চালনায় সভায় গত অক্টোবর মাসের কর্ম মূল্যায়ন অনুসারে সিলেট রেঞ্জ পুলিশের কার্যক্রমে অবদান রাখায় রেঞ্জের শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা প্রদান করেন।
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পত্র গ্রহণ করেন গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রতন শেখ। তাছাড়াও গত ২১ অক্টোবর জৈন্তাপুর থানা এলাকার তাছিম হোসেন (১৬) নামে এক কিশোর স্থানীয় ছুবরি নদীতে গোসল করার সময় একটি এলএমজি দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি হেফাজতে নেয়। তাছিম হোসেনের বুদ্ধিমত্তার কারণে পুলিশ অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়। তার উপস্থিত বুদ্ধি ও সাহসিকতা পূর্ণ কাজের জন্য ডিআইজি তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন।
সভায় রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেঞ্জের ৪ জেলার পুলিশ সুপার, সার্কেল অফিসারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া রেঞ্জের সকল সার্কেল অফিসার এবং থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ।




