নগরীতে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে আহত ‘বুলেট মামুনের’ ভাই ফাহিমের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৬:৩০:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ফাহিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার রাতে নগরীর বালুচর এলাকায় প্রতিপক্ষ গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হন ফাহিম। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা। বর্তমানে পরিবারসহ সিলেট নগরীর বালুচর ছাড়ারপাড় এলাকায় ভাড়া থাকতেন।
নিহত ফাহিমের বড় ভাই মো. মামুন আহমেদ (২৫) স্থানীয়ভাবে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। গত ১০ অক্টোবর হত্যাসহ একাধিক মামলায় মামুনকে দুই সহযোগীসহ গ্রেফতার করে পুলিশ। মামুন কারাগারে যাওয়ার পর গ্যাংটির নেতৃত্ব নেয় ছোট ভাই ফাহিম। এরপর থেকেই প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সঙ্গে তার বিরোধ তীব্র হয়। গত সোমবার রাতে বালুচরে প্রতিপক্ষের সদস্যরা ফাহিমকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও হাতে কোপ দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শাহপরান থানার ওসি মনির হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলা হয়েছে। ফাহিমের মৃত্যুতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।




