বালুচরে ফাহিম হত্যা মামলার আসামি সবুজ গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৬:৫৫:১১ অপরাহ্ন
সিলেটে ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি সবুজ আহমদ রেহানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃত সবুজ আহমদ রেহান (৩২) শাহপরান (র.) থানাধীন গোপালটিলার মৃত আবুল কাশেমের ছেলে। সে ফাহিম হত্যা মামলার ৪ নং আসামী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে এসএমপির শাহপরান (রহ.) থানাধীন ইকোপার্ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় ৪ নং আসামি সবুজ আহমদ রেহানকে গ্রেফতার করা হয়।
গত ১০ নভেম্বর শাহপরান (রহঃ) থানাধীন বালুচর ২ নং মসজিদ এলাকাস্থ কিংস ফুটসাল ইনডোর সংলগ্ন বস্তার গলি রাস্তার উপর পূর্ব শত্রুতার জের ধরে মো. হারুন রশিদের ছেলে মো. ফাহিমকে (২৩) ওই এলাকার বেশ কয়েকজন সশস্ত্র অবস্থায় পথরোধ করে তাদের হাতে থাকা ধারালো দা, রামদা, চাইনিজ কুড়াল, ডেগার, জিআই পাইপ ও লোহার রড দিয়ে ফাহিমকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। ১১ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে, ঢাকা থেকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে ১২ নভেম্বর সকাল ৭ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহত ফাহিমের পিতা মো. হারুন রশিদ শাহপরান (র.) থানায় একটি মামলা দায়ের করেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




