জৈন্তাপুরে শিক্ষার গুণগত মান উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণে জেলা প্রশাসকের আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৬, ৯:৩৮:৩৪ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতা: শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন, অতিরিক্ত ক্লাস ও অনিয়মিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগসহ জৈন্তাপুরের শিক্ষার গুনগত মান উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। (২৭ আগস্ট) বৃহস্পতিবার দুপুর ২ টার জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা প্রশাসন আয়োজিত ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।
সকালে জেলা প্রশাসক জৈন্তাপুর মডেল থানা পরিদর্শন করেন।
এসময়ে মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীরের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। জেলা প্রশাসক থানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
দুপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রশিদ, চারিকাঠা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন লিটু এবং জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি গোলাম সারওয়ার বিলাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক)
মো: আজিজুল হক খোকন।
জেলা প্রশাসক
আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি বাবা-মা, পরিবার ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
জৈন্তাপুরের শিক্ষার ফলাফল আরও ভালো করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৪০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের নিয়ে বসে ফলাফল উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহনের আহবান জানান।
এসময় দাখিল পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসা, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় সারীঘাট উচ্চ বিদ্যালয় এবং এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।



