সিলেটে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে মাওলানা ফজলুর রহমান
পাকিস্তান ও বাংলাদেশের ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন শেষ হতে পারেনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ৯:৩৬:০১ অপরাহ্ন
মুসলিম বিশ্বের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, কায়িদে জমিয়ত মাওলানা ফজলুর রহমান বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী বিনাশযজ্ঞের কারণে নেতানিয়াহু মানবতার চরম দুশমন ও বিশ্ব আদালতের ফায়সালা অনুযায়ী মানবতার খুনী আখ্যায়িত হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এতো বড় হত্যাকারীকে আজ জামাই আদর করে তার সাথে প্রেস কনফারেন্স করতে মিস্টার ট্রাম্প স্বাচ্ছন্দ্য বোধ করেন। মানবাধিকারের ইজারাদারেরা তাদের এসব দ্বিমুখী আচরণের কী জবাব দেবে? মাওলানা ফজলুর রহমান বলেন, দুই ভাই জায়গা জমি ভাগ-বাটোয়ারা করে নিলেও তাদের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসা কখনো শেষ হয়ে যায়না। পাকিস্তান ও বাংলাদেশের ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধনও শেষ হতে পারেনা। আমরা পরস্পর ভাই ভাই হয়ে থাকতে চাই। এই অটুট বন্ধন আমরা আরো মজবুত করতে চাই।
সিলেটের প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দ্বীনি প্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত এক মহাসম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। নগরীর আলিয়া মাদরাসা মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ড. মুফতি যুবায়ের উসমানি করাচি, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল গফুর হায়দরি, আযাদ কাশ্মীর জমিয়তের জেনারেল সেক্রেটারি ইমতিয়াজ আলম আব্বাসী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা জুনায়েদ আল হাবিব, ঢাকা, মাযাহিরুল উলূম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, সিলেট জমিয়ত সভাপতি মুফতি মুজিবুর রাহমান, হরিপুর মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা হেলাল আহমদ প্রমুখ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ফিলিস্তিনের ওপর ইসরাইলি গণহত্যার তীব্রে নিন্দা জানান। বিশেষত সর্বশেষ যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তারা মন্তব্য করেন। তারা বলেন, ফিলিস্তিন সংকট নিরসনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি অবৈধ ইসরায়েলকে এই পবিত্র ভূখ- থেকে উৎখাত করতে হবে। এ লক্ষ্যে পুরো মুসলিম বিশ্বকে ঐক্যমত্য হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সম্মেলনে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন জামেয়াতুল খাইরের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মাওলানা মুফতি আবদুল মুনতাকিম।
মুফাক্কিরে ইসলাম মাওলানা শায়খ জিয়া উদ্দীন, শায়খুল হাদীস মাওলানা আব্দুল মুছাব্বির আইয়রি, মাওলানা শায়খ মাশুক উদ্দিনের যৌথ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা শায়খ নূরুল ইসলাম খাঁন, শায়খুল হাদীস মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী, মাওলানা শায়খ শফিকুল হক সুরইঘাটি, মাওলানা শায়খ আব্দুল বছীর, মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা মুশতাক আহমদ খাঁন, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মাওলানা নেজাম উদ্দিন ধনকান্দি, মাওলানা ইউসুফ আহমদ খাদিমানিসহ বহু উলামায়ে কেরাম ও সুধীজন। সম্মেলন যৌথভাবে উপস্থাপনায় ছিলেন মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আবদুল মুকতাদির, মাওলানা লুৎফুর রহমান ও মাওলানা মাসরুর আহমদ।
সম্মেলনের শৃংখলা ও সার্বিক বিষয়ে তদারকি করেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব। উল্লেখ্য, জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুল মুনতাকিমের আমন্ত্রণে মাওলানা ফজলুর রহমান সিলেট আগমন করেন। -বিজ্ঞপ্তি




