নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে এমরান চৌধুরী
পরিকল্পিতভাবে নদীর তীর সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপান্তর করা হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৩:০৯:৫৭ অপরাহ্ন
বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কুশিয়ারা নদীর ভাঙ্গনের শিকার বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
রোববার দুপুরে কুড়ারবাজারের বড়বন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের এলাকা পরিদর্শন করেন তিনি। এখানে নতুন করে ভাঙনের মুখে পড়েছে নদীতীর। দুই সপ্তাহ আগে গড়রবন্দ গ্রামের কুশিয়ারা নদীর তীরবর্তী অংশে বড় ধরনের ফাটল দেখা দেয়। এর আগে নদীতে তলিয়ে যায় ওই এলাকার তীরবর্তী বেশ কিছু অংশ, গ্রামীণ সড়ক ও সড়কের পাশে থাকা দুটি দোকান এবং কিছু ফসলি জমি। ভাঙন-শঙ্কায় আছে গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনও। বিষয়টি জানতে পেরে এসব এলাকা পরিদর্শনে গিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এমরান আহমদ চৌধুরী।
পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুতই এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন উল্লেখ করে তিনি বলেন, আপনাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের নদী ভাঙ্গন এলাকাগুলোতে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে তীর সুরক্ষার পাশাপাশি পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। এতে করে যেমন ভাঙন থেকে বাঁচবে জনপদ, তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হবে দুই উপজেলা।
নদীপার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবু তাহের, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জুবের আহমদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, কুড়ারবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ, সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক এখলাছুর রহমান মুন্না, সিলেট মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক রায়হান আহমদ অপু, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক দোলা হোসেন সুভাষ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিশিষ্ট মুরুব্বি মক্তার আলী, নজরুল ইসলাম, মতিউর রহমান, তোফায়েল আহমেদ, হাফিজ জাফরান আহমদ, আমিনুল ইসলাম ও সালাউদ্দিন প্রমুখ। এর আগে সকাল ১০টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের আমিন কনভেনশন হলে ‘ট্রেড ফেয়ার বাংলাদেশ’ আয়োজিত ‘গোলাপগঞ্জ বিজনেস ফেস্টিভ্যাল-২০২৫’র উদ্বোধন করেন সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী এমরান আহমদ চৌধুরী।-বিজ্ঞপ্তি




