মতবিনিময় সভায় কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসাসহ তিনটি মাদ্রাসার উন্নয়নে পরিকল্পনা নেয়া হয়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ১:৪৯:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগি করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসাসহ তিনটি সরকারি মাদ্রাসার উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে তিনটি মাদ্রাসার সামগ্রিক চিত্র পাল্টে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল রোববার সন্ধ্যায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরী শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাছ আলী।
শিক্ষক পরিষদ নেতৃবৃন্দ মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকে জানান, অবকাঠামো ও জনবল সংকটের কারণে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা তার ঐতিহ্য হারাতে বসেছে। বিশেষ করে পরিবহন সংকট মাদ্রাসার সামগ্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে। এ ব্যাপারে তারা কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের হস্তক্ষেপ কামনা করেন। সচিব এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ^াস দেন।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. ফজলুর রহমান চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. দিদার চৌধুরী, মো. জিয়াউল হক চৌধুরী, এনামুল হক চৌধুরী, আনোয়ার হোসেন, জেসমিন আক্তার প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (উন্নয়ন) মো. জহুরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুস আলী, নির্বাহী প্রকৌশলী সামছুল আবেদীন খান, সহকারী প্রকৌশলী উজ্জল বখত, রামীম ইবনে জাহান, তনয় পাল, উপ সহকারী প্রকৌশলী মোবারক হোসেন প্রমুখ।




