নগরীর জিন্দাবাজারে মাজারের ভেতর থেকে লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৮:৩৩:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর জিন্দাবাজারে মাজারের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার বেলা ১২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। তবে, মারা যাওয়া ওই ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কোতোয়ালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জিন্দাবাজারে পাঁচ পীরের মাজারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।




