সুনামগঞ্জে ৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ, বিএনপি’র বিদ্রোহী জাকেরীন ও আনোয়ার ফরম কিনলেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩টি আসনে ৫ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বুধবার ও বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থী ও তাদের পক্ষের লোকেরা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-৪ থেকে মনোয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন।
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. আনোয়ার হোসেন ও খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. সামিউল হক সানি। মনোয়নপত্র জমাদানের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। এদিকে নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। নির্বাচনী ভোটের মাঠ সমান্তরাল রাখতে প্রার্থীদের আচরণ বিধি মানার ক্ষেত্রে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মাদ ইলিয়াস মিয়া।




