করিম উল্লাহ মার্কেট থেকে ৪২২ চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ১:০১:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পুলিশের অভিযানে বিপুল সংখ্যক চোরাই মোবাইল ফোন উদ্ধারের পর ফের আলোচনায় এসেছে নগরীর করিমউল্লাহ মার্কেট। বন্দরবাজার এলাকার এই শপিংমলের বিরুদ্ধে আগেও একাধিকবার এমন অভিযোগ ওঠে।
নগরীর মোবাইল মার্কেট হিসেবে পরিচিত করিমউল্লাহ মার্কেট। তবে, বিভিন্ন সময়ে এই মার্কেটের কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে চোরাই ও ছিনতাইকৃত এবং নকল মোবাইল ফোন বিক্রির অভিযোগ ওঠে। এমন অভিযোগে করিমউল্লাহ মার্কেটে একাধিবার অভিযানও চালায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। গত বৃহস্পতিবার করিমউল্লাহ মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে ১৫৪ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী গতকাল শুক্রবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
এদিকে, গত বৃহস্পতিবার করিমউল্লাহ মার্কেটের চোরাই মোবাইল ফোন উদ্ধারে অভিযান চলছে খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ওই মার্কেটে যান। এসময় মার্কেটের ব্যবসায়ীরা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন ও খারাপ আচরণ করেন। এ প্রসঙ্গে পুলিশ কমিশনারকে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করেন, করিমউল্লাহ মার্কেটের কিছু ব্যবসায়ীর সাথে সিলেটের মোবাইল ফোন চোর ও ছিনতাই চক্রের সদস্যদের যোগসাজশ রয়েছে। তারা মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে ওই ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। যা ব্যবসায়ীরা পরে ক্রেতাদের কাছে বিক্রি করেন।
চোরাই মোবাইল উদ্ধার প্রসঙ্গে পুলিশ কমিশনার জানান, গত বৃহস্পতিবার দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় তানভীর নামে একজনের বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় ঘরের ভেতর থেকে ৩৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে তানভীরসহ কয়েকজন পালিয়ে যায়। পরে মো. সুজ্জাদ নামে একজনকে আটক করা হয় ।
পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার ভোরে দক্ষিণ সুরমার শিববাড়ির জৈনপুরে চোরাই মোবাইল চক্রের ‘মূল হোতা’ আব্দুস শহীদের বাসায় অভিযান চালিয়ে ২০৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর নগরের বন্দরবাজার এলাকার করিমউল্লাহ মার্কেটের ৩য় তলার স্মার্ট ফোন গ্যালারিতে অভিযান চালিয়ে আরও ১৫৪ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। সবমিলিয়ে ৪২২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার ও ৪ জনকে আটক করা হয় বলে জানান তিনি।




