বিশ্বনাথের লামাকাজীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৯:১০:১১ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
গতকাল বুধবার সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার সদস্য এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর যৌথ অভিযানে নেতৃত্ব দেন সওজের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (উপসচিব) ও আইন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে সিলেট -সুনামগঞ্জ মহাসড়কে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের স্থানীয় লামাকাজী পয়েন্টের উভয় পাশে কিছু অসাধু ও ভূমিখেকো রাজনৈতিক প্রভাব ও প্রতিপত্তির জোরে দোকানঘর নির্মাণ করে ভোগদখল করে আসছিল। এনিয়ে স্থানীয় জনসাধারণ ও সচেতন মহল সরকারের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলে মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানকোঠা থাকায় প্রতিনিয়ত সাধারণ মানুষকে নানান ভোগান্তি পেতে হত এবং সর্বদা তীব্র যানজট লেগেই থাকতো।
এ বিষয়ে গত মাসে সকল অবৈধ দখলদারদেরকে সওজ এর পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয় এবং গত সপ্তাহে মাইকিং করে সকলকে সতর্কবার্তা প্রদান করা হয়। গতকাল বুধবার দুপুরে একটি বুলডোজার নিয়ে অভিযান চালায় সিলেটের সড়ক ও জনপথ বিভাগ। কোনরূপ বাধা বিপত্তি ছাড়াই কয়েক ঘণ্টায় শতাধিক অবৈধ দোকানকোঠা ও স্থাপনা ভেঙে ফেলা হয়।
সিলেট সড়ক ও জনপথের উপ বিভাগীয় প্রকৌশলী মো. সালাহ উদ্দিন সোহাগ বলেন, মহাসড়ক দখল করে কেউ ব্যবসা চালাতে পারবে না। রাস্তার পাশে অবৈধ দোকানপাট প্রতিবন্ধকতা দূর করতেই আজকের এই অভিযান। উচ্ছেদ অভিযানের সময় সিলেট সড়ক উপ বিভাগীয় সহকারী প্রকৌশলী মো. শাহীদুল ইসলাম, বিশ্বনাথ থানা পুলিশ, র্যাব সদস্য, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




