সিলেট-১ আসনে ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের মনোনয়নপত্র সংগ্রহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ১:৩৬:১৮ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখার প্রার্থী হিসেবে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে সিলেট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুল আলম চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আরিফুর রহমান, অর্থ সম্পাদক মাকসুদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো: নুরুজ্জামান প্রমুখ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছি। ইসলামী জোটের এক বাক্স নীতিতে আমরা অটল আছি। সংগঠনের আমীর ও পীর সাহেব চরমোনাইর নির্দেশনা মেনে আগামীতে এগিয়ে যাবো। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামী মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা কায়েম করতে হবে। সিলেটের মানুষের দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করছে। জনগণ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে সেই প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ।-বিজ্ঞপ্তি




