সফল কমিউনিটি লিডার হিসেবে প্রবাসী সম্মাননা পেলেন জাওয়াদ চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ৪:৩০:২৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নীতি, শ্রম অধিকার ও কমিউনিটি অ্যাডভোকেসিতে বিশেষ অবদান রাখায় ‘সাকসেসফুল কমিউনিটি লিডার’ হিসেবে ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ অর্জন করেছেন জাওয়াদ চৌধুরী।
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। অনুষ্ঠানে বিশ্বের ১১টি দেশে অবস্থানরত ১০৩ জন প্রবাসীকে ছয়টি ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়। জাওয়াদ চৌধুরীর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার ফুফাতো ভাই ফরহাদ চৌধুরী।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, পুলিশ সুপার কাজী আখতার উল আলম ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কমিউনিটি ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জাওয়াদ চৌধুরীর বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং শেরপুর বড় বাড়ি। তিনি শাহীর চৌধুরী ও কবি ইছমত হানিফা চৌধুরীর একমাত্র সন্তান। ২০১৮ উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে তিনি কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটিতে পড়তে যান। গ্রাজুয়েশন শেষ করে বর্তমানে তিনি নিউ ফাউন্ডল্যান্ড সেনজেনের মেমোরিয়াল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টির কো-অডিনেটর হিসেবে কর্মরত। তিনি যুক্তরাষ্ট্রে একজন সংগঠক ও যুবনেতা হিসেবে উচ্চশিক্ষা নীতি, শ্রম অধিকার ও কমিউনিটি অ্যাডভোকেসি নিয়ে কাজ করেন।

জাওয়াদ চৌধুরীর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার ফুফাতো ভাই ফরহাদ চৌধুরী।
তিনি কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের দুইবারের নির্বাচিত নির্বাহী পরিচালক হিসেবে ‘সবার জন্য অ্যাসেসিবল শিক্ষা’ প্রচারাভিযানের নেতৃত্ব দিয়েছেন এবং নিউ ফাউন্ডল্যান্ড ও ল্যাবরাডোর সরকারকে পোস্ট-সেকেন্ডারি শিক্ষায় ১৬ মিলিয়ন ডলার পুনরায় বিনিয়োগ করতে সফলভাবে লবিং করেছেন। ২০২৪ সালে তিনি কানাডিয়ান ফেডারেশন অফ স্টুডেন্টস-এর জাতীয় ডেপুটি চেয়ারপারসন নির্বাচিত হন। এটি কানাডার বৃহত্তম ছাত্র সংগঠন, যা দেশটির ৫৩ লাখের বেশি শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে। সেখানে তিনি একজন জাতীয় মুখপাত্র হিসেবে কাজ করে ফেডারেল অ্যাডভোকেসির নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি মেমোরিয়াল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের সাথে কাজ করছেন। একাডেমিক স্বাধীনতা, স্বচ্ছতা ও শক্তিশালী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির জন্য অ্যাডভোকেসি তার কাজের ক্ষেত্র।
প্রবাসী সম্মাননা পেয়ে জাওয়াদ চৌধুরী বলেন, এটা শুধু তার পেশাগত সফলতার স্বীকৃতি নয়, বরং প্রবাসে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। এ সম্মাননা প্রদান করায় তিনি জেলা প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।




