ছহিফাগঞ্জ মাদাসায় ২দিন ব্যাপী শতবর্ষ অনুষ্ঠান সম্পন্ন
মানুষের জীবন পৃথিবীতেই সীমাবদ্ধ নয়, একথা মাথায় রেখে ইসলামী শিক্ষার সমন্বয় করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ১:১৪:৫৯ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথের খাজাঞ্জী ইউনিয়নের নির্বৃত্ত পল্লী সুরমা নদীর তীর ঘেষে গড়ে উঠা শতবছরের প্রাচীন ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের মহা-মিলনমেলা আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার ২দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।
লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দৈনিক সিলেটের ডাক এর সম্পাদক মন্ডলীর সভাপতি, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি দানবীর ড. রাগীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন, সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, নবীজী বলেছেন, একজন মানুষকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল। মানুষের জীবন তো পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নয়। একথা মাথায় রেখে আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে ইসলামী শিক্ষার সমন্বয় করতে হবে এবং ইসলামের আলোকে জীবন পরিচালিত করতে হবে। কারণ. পরকালে আমাদের আরেকটি জীবন আছে।
তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট বিভাগের সর্বোচ্চ বিদ্যাপীঠ। কিন্তু ৩৫ বছরের পুরোনো এই প্রতিষ্ঠানে ইসলামী কোন বিভাগ নেই। আমরা সরকারের কাছে আবেদন করেছি, আশা করছি শীঘ্রই সিলেটবাসীর প্রত্যাশিত এই দাবি পূরণ হবে।
সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির বোডর্ অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ড. রাগীব আলী বলেন, জীবন সায়াহ্নে এসে আমি আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া জানাই। তিনি আমার নিজ এলাকার উন্নয়নে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধ্যমত কাজ করার সুযোগ দিয়েছেন। এমন সৌভাগ্য অনেক মানুষের কপালে জুটে না। তিনি বলেন,আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার উন্নয়নে আরো কাজ করতে হবে।
জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা নাসিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ২য় দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক মাওলানা আব্দুর রউফ। ২য় দিনের কর্মসূচিতে হামদ,নাত, অতিথিদের বক্তব্য, পুরস্কার প্রদান, স্মৃতিচারণ ও ঢাকা থেকে আগত বিখ্যাত ইসলামী সংগীত শিল্পী মশিউর রহমানের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসা শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব ফয়ছল আহমদ সুবাহদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ টিচার্স টেনিং কলেজের অধ্যক্ষ হাসমত উল্লাহ, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাহান চৌধুরী, কামালবাজার ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা বুরহান হোসেন, সাবেক অধ্যক্ষ এ কে এম মনোওর আলী, বিশ^নাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলুমিয়া, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, আল-আজম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ, উত্তর বিশ^নাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের গভনির্ং বডির সভাপতি ময়নুল হক, বিশ^নাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মফিজ খান, ট্রাস্ট্রি ফারুক আহমদ, মো. মঈন উদ্দিন, বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, আব্দুর রব, এস এফ ইংলিশ একাডেমির স্বত্বাধিকারী ফখরুল খান, ইউকের উম্মা আপিলের ট্রাস্টি বোর্ডের শিক্ষা পরিচালক আব্দুল আলী মুসা, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সদস্য তৌফিকুর রহমান হাবিব, কামরুল ইসলাম, আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, মোস্তাক আহমদ মোস্তফা, ফারুক আহমদসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ।




