জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান, ২০ হাজার ঘনফুট বালু জব্দ, ৫০টি নৌকা ধ্বংস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৯:২৫:১৮ অপরাহ্ন
জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা:সিলেটের জৈন্তাপুর উপজেলায় টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে উত্তোলনকৃত ২০ হাজার ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস করা হয়েছে।
গতকাল রোববার সকালে জৈন্তাপুর উপজেলার চারনম্বর বাংলা বাজার এর রাংপানি নদীর বালু মহালে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব সহ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপির সদস্য এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল।
অভিযানকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ২০ হাজার ২৯ ঘনফুট বালু জব্দের পাশাপাশি বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৫০টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দ্বারা কেটে পানিতে ডুবিয়ে দেয়া হয়। পরবর্তীতে সরকারি বিধি অনুযায়ী জব্দ করা বালু স্পষ্ট নিলাম দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় বালু জব্দ ও বারকি নৌকা ধ্বংস করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা যারা কাজ করবে; তাদের বিরুদ্ধে ও পরিবেশের সুরক্ষায় অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




