ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৭:১৯ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। গত শনিবার রাত ১১টা থেকে শুরু হয়ে রাতভর ব্রাহ্মণগ্রামের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানা পুলিশের একটি টহল দল অংশগ্রহণ করে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া।
অভিযানকালে বসতবাড়ি তল্লাশি করে একটি দুই নলা বন্দুক, তিন রাউন্ড গোলাবারুদ, একটি বর্শা, একটি হকিস্টিক, একটি পিস্তল কভার, তিনটি পাসপোর্ট এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়। এ সময় পীর মজনু মিয়ার ছেলে যুবলীগ নেতা কিবরিয়া ও ছাত্রলীগ নেতা নজরুল মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে, অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।




