জয়ী ১৮ আসনে, একটি পেলো খেলাফত মজলিস
সিলেট বিভাগে বিএনপি’র নিরঙ্কুশ জয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩২:১২ অপরাহ্ন
মোহাম্মদ সিরাজুল ইসলাম :
সিলেট বিভাগে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিভাগের ১৯ আসনের মধ্যে ১৮টি আসনেই জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থীরা। একটি আসনে বিএনপি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুর গাছ প্রতীকে নির্বাচন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে গেছেন। ওই আসনে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মাওলানা আবুল হাসান। সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সবগুলো আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে বিজয়ী হয়েছে ধানের শীষ। একটিতে দেওয়াল ঘড়ি।
বিজয়ীদের মধ্যে তিনজন সাবেক এমপি:
সিলেট বিভাগে বিজয়ী প্রার্থীদের মধ্যে তিনজন সাবেক এমপি রয়েছেন। তারা হলেন-সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলন ও মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান। নাছির উদ্দিন চৌধুরী ও এম নাসের রহমান একবার করে এবং কলিম উদ্দিন আহমদ মিলন আগে তিনবার এমপি ছিলেন।
দুইজন সাবেক মেয়র:
নির্বাচিত এমপিদের মধ্যে দুইজন সাবেক মেয়র রয়েছেন। এর মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আওয়ামী লীগ সরকারের সময় প্রতিকূল পরিস্থিতিতে ভোটে লড়ে দুই বার বিজয়ী হয়। এছাড়া, জি কে গৌছ তিন বার হবিগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। এর মধ্যে একবার তিনি কারাগারে থেকে মেয়র নির্বাচিত হন।
নতুন মুখ ১৬ ॥
সিলেট বিভাগে নির্বাচিত এমপিদের মধ্যে ১৬ জনই নতুন মুখ। তারা হলেন-সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ এম এ মালিক, সিলেট-৪ আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ মুফতি মাওলানা আবুল হাসান, সিলেট -৬ এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার-১ নাসির উদ্দিন আহমদ, মৌলভীবাজার-২ শওকতুল ইসলাম , মৌলভীবাজার-৩ এম নাসের রহমান ও মৌলভীবাজার-৪ মজিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-১ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ নুরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন আহমদ, হবিগঞ্জ-১ ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ ডা:আবু মনসুর সাখাওয়াত হাসান, হবিগঞ্জ-৩ জি কে গউস ও হবিগঞ্জ-৪ সৈয়দ মোহাম্মদ ফয়সল।
তিনজন প্রবাসী:
সিলেট বিভাগে বিজয়ী প্রার্থীদের মধ্যে তিনজন প্রবাসী প্রার্থী রয়েছেন। তারা হলেন-যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেক ও সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শওকতুল ইসলাম। তারা প্রবাসে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে সরব ছিলেন।
প্রথম নির্বাচিত নারী এমপি: সিলেট বিভাগে প্রথম নির্বাচিত নারী প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হবার পর মাঠে সরব ছিলেন লুনা। এবারই প্রথম তিনি নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হলেন।
বিভাগে এবারই প্রথম বিএনপি সংখ্যাগরিষ্ঠতা:
সিলেট বিভাগে বিএনপি এবারই প্রথম সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অতীতের নির্বাচনগুলোর পর্যালোচনায় দেখা গেছে, ১৯৯১ সালে সিলেট বিভাগে একটিমাত্র আসনে জয়লাভ করে বিএনপি। সে সময় দলটি সরকার গঠন করে। ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপি ৩টি, ২০০১ সালে ৭টি আসনে জয়ী হয় বিএনপি। ২০০৮ সালের নির্বাচনে কোন আসনেই জয়লাভ করতে পারেননি বিএনপি প্রার্থীরা। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিলেও সে নির্বাচনটি ছিল প্রশ্নবিদ্ধ।
জেলা সভাপতি যা বলেন:
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম আন্দোলন করেছেন। এ সংগ্রামে আমাদের অনেক নেতা-কর্ম্ ীআত্মাহুতি দিয়েছেন। তাদের ত্যাগের ফল এই নির্বাচনী ফলাফল। তিনি আরো বলেন, “জনগণের হৃদয়ের মনিকোঠায় তারেক রহমান এরই মধ্যে জায়গা করে নিয়েছেন। আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানই দেশের প্রধানমন্ত্রী হবেন বলে জানান তিনি।
রিটার্নিং অফিসারের কৃতজ্ঞতা :
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সারওয়ার আলম সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, রাজনৈতিক দল ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকার কথা তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।



