ওসমানীনগরে চুরির গরু দিয়ে ইফতার পার্টি!
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩৭:৪১ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ওসমানীনগরে চুরির গরু দিয়ে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ইফতার পার্টির আয়োজন করার খবর পাওয়া গেছে। ইফতারে এলাকার প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন। গত ৬ রমজান উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আহমেদ মধু ওরফে মিয়ার বাড়িতে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।
জানা গেছে, গত ৫ রমজান ৩টার দিকে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন মাদরাসার পুর্বের মাঠ থেকে একই গ্রামের নাজমুল ইসলামের একটি ষাড় গরু চুরি হয়। এরপর পার্শ্ববর্তী প্রবাসী মধু মিয়ার বাড়ির কেয়ারটেকার সাঈদি নামের যুবক নাজমুলকে ভুল তথ্য দিয়ে বিভিন্ন স্থানে গরুর সন্ধান করতে পাঠান। সাঈদির তথ্যমতে বিভিন্ন স্থানে গিয়ে নাজমুল গরুর সন্ধান পাননি। ঐদিন রাত ৮টার দিকে বিএনপি নেতা মধু মিয়ার বাড়িতে কেয়ারটেকার সাঈদি কসাই দিয়ে চুরির গরু জবাইয়ের পর সারারাত গোস্ত রান্না করে পরদিন ৬ রমজান বিকালে এলাকার সহস্রাধিক লোকের ইফতার পরিবেশন করা হয়।
ইফতার পার্টিতে দাওয়াতি মেহমান হিসেবে গরুর মালিক নাজমুল উপস্থিত হয়ে জবাইকৃত গরুর দড়ি দেখতে পেয়ে বুঝতে পারেন তার গরু দিয়েই ইফতারের আয়োজন করা হয়েছে। বিষয়টি গ্রামের লোকজনকে বললে মধু মিয়ার বাড়িতে লাগানো সিসি ক্যামেরা তদন্ত করে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নিশ্চিৎ হন নাজমুলের গরু দিয়েই ইফতারের আয়োজন করা হয়েছে।
পরে ৮ রমজান বৃহস্পতিবার রাত ১১টার দিকে গ্রামের মুরব্বীদের মধ্যস্থতায় গরুর মালিক নাজমুলকে ৭০হাজার টাকা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয় এবং মধু মিয়ার বাড়ির কেয়ারটেকার সাঈদকে চাকুরি থেকে বরখাস্ত করে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
গতকাল শুক্রবার বাদ জুম্মাহ বিষয়টি জানতে চাইলে আহমেদ মধু ওরফে মধু মিয়ার পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী ও পশ্চিম পৈলনপুর ইউপি যুবদলের সদস্য হুসাইন আহমদ বলেন, মধু মিয়া বাথরুমে আছেন, তিনি এব্যাপারে কোন কথা বলবেন না। বিষয়টি সমাধান করে দিয়েছি।
গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, তাদের বাড়িতে ইফতারে গিয়ে আমার গরুর দড়ি দেখে চিনতে পারি। এরপর বিষয়টি লোকজনকে জানালে এক পর্যায়ে সিসি ক্যামেরা দেখে নিশ্চিত হয়ে সালিশের মাধ্যমে আমাকে ৭০হাজার টাকা দেওয়া হয়েছে। মধু মিয়ার বাড়ির কেয়ারটেকার সাঈদি’র মোবাইলে কল করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।



