হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণে শাবি ছাত্রদলের উদ্যোগে গণ ইফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৮:৪২:২০ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই গণ ইফতার কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই গণ ইফতার অনুষ্ঠিত হয়। বিকেল থেকেই শিক্ষার্থীরা দলে দলে ইফতারস্থলে জড়ো হতে থাকেন। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের ইফতার সামগ্রীর ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এই গণ ইফতারের আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, ক্যাম্পাসে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গণ ইফতারে আসা অনেক শিক্ষার্থীরা অব্যবস্থাপনা ও খাবার না পাওয়ার অভিযোগ করেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহমর্মিতা বাড়ানোর উদ্দেশ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হবে। খাবার না পাওয়া নিয়ে ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ‘প্রত্যাশার তুলনায় অনেক বেশি শিক্ষার্থী উপস্থিত হওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করেছি সবাইকে দেওয়ার, কিন্তু কতজন শিক্ষার্থী ফিরে গেছেন তা বলা যাচ্ছে না।’



