সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে ছিনতাই চেষ্টা ॥ ৩ যুবক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬, ২:৩২:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে আবারও উত্যক্ত ও ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওয়াকওয়েতে বসে থাকা এক দম্পতিকে ঘিরে ধরে একদল যুবক। পরে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তবে, টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই ৩ জনকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটককৃতরা হলো- সুনামগঞ্জের ছাতক থানার বড়কাপন গ্রামের আছাদ আলীর পুত্র বর্তমানে কুমারগাঁওর বাসিন্দা সাদিকুল ইাসলাম সাদিক, কিশোরগঞ্জের ইটনার রসরাজ বিশ্বাসের পুত্র বর্তমানে ১০৯ মীরবক্সটুলার বাসিন্দা অর্পন বিশ্বাস এবং কুমিল্লার তাঁতিপাড়ার শওকত আহমদের পুত্র বর্তমানে নগরীর তাঁতিপাড়ার বাসিন্দা রিফাত।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, অর্পন রায় ও তার স্ত্রী পলি রাণী সূত্রধর ওই সময় ওয়াকওয়েতে বসে কথা বলছিলেন। এসময় কয়েকজন যুবক এসে তাদের স্বামী-স্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলে এবং বিভিন্নভাবে হয়রানি শুরু করে।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে একই ওয়াকওয়েতে এক শিক্ষার্থী দম্পতিকে উত্যক্তের ঘটনায় একজনকে আটক করেছিল পুলিশ।




