সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৬, ৯:০৩:০৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট বিভাগে হামের পরিস্থিতি দিনদিন অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে এবং ৫ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হামে আক্রান্ত ও সন্দেহে বিভাগে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে রায়হান নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাসাইপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৩১ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে ১৬ জন এবং নিশ্চিত হাম রোগে ৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২০৫ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ৮৫ জন ভর্তি রয়েছেন।




