সিলেটে হামের উপসর্গ নিয়ে ১ বছর বয়সী শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৬, ২:৩০:১৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২০ জন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মৃত শিশু সজিবুল ইসলাম (১) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফিটাইটিকর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। বুধবার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ২৩৩ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন নতুন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।




