জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৯:৪০:১৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে সড়ক দুর্ঘটনায় তাহসিন আহমদ (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (১০ মে) সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল খান চা-বাগানের গেইট সংলগ্ন স্থানে সিলেটগামী প্রাইভেট কারের সাথে হরিপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত তাহসিন আহমদ (১৫) জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নালে আবেদীনের ছেলে। এতে গুরুতর আহত হন অপর মোটরসাইকেল আরোহী একই গ্রামের তাহের আহমদ (১৫)।
জানা যায়, আজ রোববার বিকেল ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগানের গেইটের সামনে সিলেটগামী প্রাইভেট কারের সাথে হরিপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী তাহসিন আহমদ। ঘটনার পর স্থানীয় জনতা এসে আহত তাহের আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী। তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।




