বিশ্বনাথে প্রশাসন ও সাংবাদিকদের সাথে মতবিনিময়।
পাখির ১টি ডানা সরকারী দল এবং অপর ডানা বিরোধী দল- অধ্যাপক মাহফুজা হান্নান এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৬, ১১:২৮:১৩ অপরাহ্ন
বিশ্বনাথ থেকে নিজস্ব সংবাদদাতা : জাতীয় সংসদের সংরক্ষিত ৪২/৩৪১ আসনের নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান বলেছেন , একটি পাখির দুটি ডানা থাকে। এরমধ্যে একটি ডানা না থাকলে সে চলতে পারেনা। ঠিক তেমনি বাংলাদেশ নামক পাখির একটি ডানা সরকারী দল এবং অপর ডানা বিরোধী দল। এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে উভয় দলকে যৌথভাবে ভূমিকা রাখতে হবে। তিনি গতকাল বুধবার(১৩ মে) সকালে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে একথা বলেন।
তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার পোস্ট খালি রয়েছে কিন্তু দেশে বেকারদের সমস্যার সমাধান হচ্ছে না। এটা আমাদের দূরদর্শিতা, আন্তরিকতা ও স্বচ্ছতার অভাব। এই উপজেলায় সকল দপ্তরে যতগুলো পোস্ট খালি আছে সেই তালিকা আমি নিয়ে যাচ্ছি। দপ্তরগুলোর লোকবল সংকট সমাধানের জন্য সরকারের কাছে আবেদন জানাবো। বিশ্বনাথে সকল সমস্যা রয়েছে এগুলো একা এক ব্যক্তির পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এখানে নির্বাচিত আরেকজন সংসদ সদস্য আছেন তাকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমার আন্তরিকতার কোনো কমতি থাকবে না। এই জনপদের গুরুত্বপূর্ণ দুটি সমস্যা হলো বিশুদ্ধ পানি ও রাস্তাঘাটের সমস্যা। সেগুলোর সমাধানের জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি’র সভাপতিত্বে সিলেটের ওসমানীনগর উপজেলার পাঁচ পাড়া গ্রামে জন্মগ্রহণকারী অধ্যাপক মাহফুজা হান্নান এমপি তাঁর বক্তব্যে সিলেট ২ (বিশ্বনাথ -ওসমানী নগর) আসনের নির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ( প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত) হুমায়ুন কবিরের সাথে সমন্বয় করে বিশ্বনাথের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।
বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান,থানা অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল শহীদ হোসেন, কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল সুত্র ধর, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:ফাহিমা আক্তার,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল আহমদ। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্যের স্বামী ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী,পৌর জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চল মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী, সিলেট জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রোজিনা বেগম, সহকারী সেক্রেটারি মাহবুবা জেসমিন, উপজেলা শাখার খাদিজা বেগম।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্টজনরা।




