বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৬, ৮:৪৮:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। আজ চাঁদ দেখার ফলে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ।
এদিকে, সৌদি আরবেও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটিতে রোববার চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সেখানে ২৬ মে আরাফাত দিবস পালিত হবে এবং ২৭ মে ঈদুল আজহা উদ্যাপিত হবে।
এর আগে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশও একই তারিখে ঈদুল আজহার ঘোষণা দেয়।



