দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ৮:৫৭:৩০ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে সোয়েরা বেগম নামের এক মহিলা ক্রেতার কাছে মেয়াদীর্ণ ঔষধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৯ মে) পৌর শহরের জালাল সিটি সেন্টারের পিটি রায় ফার্মেসীতে এ ঔষধ বিক্রির ঘটনা ঘটে।
ক্রেতা জানান, আমি ওই ফার্মেসি থেকে আজ সকালে আমার নাতিনের জন্য মনি মিক্স নামের কিছু ঔষধ কিনে নিয়ে যাই। বাসায় গিয়ে দেখি ঔষদের মেয়াদ চলে গেছে। আমি বিকেলে ঔষধ নিয়ে ফার্মেসি কর্মীদের জানালে। তারা আমাকে বিষয়টি কাউকে না জানাতে অনুরোধ করেন। তখন আমি তাদেরকে বলি এটা আমার একার বিষয় নয়। আমি আপনাদের নিয়মিত ক্রেতা আজ আমাকে এসব ঔষধ দিতে পারলে। অন্য সব ক্রেতাদেরও দিতে পারেন। জনস্বার্থের বিষয় আমি এভাবে শেষ করতে পারি না। এমন সংবাদ শুনে ঘটনাস্থলে গেলে সোয়েরা বেগম দৈনিক সিলেটের ডাককে জানান, আমি মুরুব্বি মানুষ অভিযোগ কোথায় দিতে হবে জানি না। আপনারা সাংবাদিকেরা এসব প্রচার করেন, মানুষ এসব জানুক। তিনি বলেন প্রশাসন কি এসব দেখেনা, তাদের কাজটা কি?
এ বিষয়ে ফার্মেসি কর্মী দীপক ভট্টাচার্য বলেন, ভুলবসত ঔষধগুলো চলে গেছে, এগুলো আমরা বিক্রি না করার জন্য আলাদা রাখি। আমরা লক্ষ করিনি কিভাবে ঔষুধগুলো উনার কাছে গিয়েছে। এর জন্য আমরা দুঃখিত। মহিলার কাছে আমরা ক্ষমাও চেয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে এ প্রতিবেদককে তিনি জানান ওই ক্রেতাকে বলেন, ভোক্তা অধিকারে অভিযোগ দিতে।



