সন্ত্রাসী হামলায় জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা আবুলকে দেখতে হাসপাতালে প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৬, ১১:৫৩:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা কোম্পানীগঞ্জের ট্রাক শ্রমিক নেতা আবুল হোসেনকে (৩২) দেখতে হাসপাতালে গিয়েছেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। গতকাল সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবুলকে দেখতে যান তিনি। এ সময় তিনি আহতের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্ত্বনা জানান।
হাসপাতাল পরিদর্শন শেষে প্রবাসীকল্যাণ মন্ত্রী সাংবাদিকদের বলেন, আবুলের ওপর যে বর্বরোচিত ও নৃশংস হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। হাসপাতালের চিকিৎসকদের সর্বোচ্চ সতর্কতার সাথে উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ধোপাগুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার খাগাইল গ্রামের একদল সশস্ত্র সন্ত্রাসী আবুলের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা এখনও আশঙ্কাজনক এবং তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।
এই ঘটনায় আবুলের পরিবারের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, নিহতের স্ত্রী বাদী হয়েষ থানায় মামলা করেছেন। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতারে অভিযান চলছে।




