জাফলংকে আধুনিক ও নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৬, ৮:১৩:১০ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, আরিফুল হক চৌধুরী এমপি তাঁর নির্বাচনী এলাকা পরিদর্শনের অংশ হিসেবে আজ শনিবার (৩০ মে) দুপুরে সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী জাফলংয়ে আগত পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং পর্যটন খাতের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তাদের মতামত শুনেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসনকে পর্যটকদের বিভিন্ন দাবি ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “জাফলংয়ে আগত পর্যটকদের মতামত নেওয়া হয়েছে। তারা বেশ কিছু যৌক্তিক দাবি ও পরামর্শ দিয়েছেন। এর মধ্যে ছোটখাটো সমস্যাগুলোর দ্রুত সমাধানে আমরা উদ্যোগ নেব।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, জাফলং সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় দীর্ঘদিনের মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পুরো পর্যটন এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা আরও জোরদার করা হবে। স্থানীয় প্রান্তিক শ্রমিকদের কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে পাথর শ্রমিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি আরও বলেন, জাফলং পর্যটন এলাকাকে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনার আওতায় আনা হবে। পর্যটকদের সেবায় প্রয়োজনীয় সার্ভিস ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নদী খননের মাধ্যমে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় নৌভ্রমণের সুযোগ সৃষ্টি করা হবে। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জাফলংকে একটি আধুনিক, নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।”
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




