বালাগঞ্জে দুই প্রবাসী কর্মকতার ‘আত্ব-তাকওয়া প্রকল্প’ পরিদর্শন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ১০:০১:১৫ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : রুকন ডেভেলপমেণ্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) গ্রামে বাস্তবায়নাধীন আত্ব-তাকওয়া প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন ফাউন্ডেশনের যুক্তরাজ্য প্রবাসী দুই কর্মকর্তা।
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের আত্ব-তাকওয়া প্রকল্পের ফাউন্ডার ও কোষাধ্যক্ষ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী আব্দুল হক আবু এবং ফাউন্ডেশনের ফাউন্ডার ও আত্ব-তাকওয়া প্রকল্পের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী মিরাজ নানু মিয়া আজ সোমবার (০১ জুন) দুপুরে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে আসেন। প্রবাসী কর্মকর্তাবৃন্দ রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নার্সিং হোম, নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা’ প্রকল্পের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনূর রহমান চৌধুরী শিফতা, সাবেক পুলিশ কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইদ্রিস, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ মো. হেলাল, সাংবাদিক এম এ কাদির প্রমুখ উপস্থিত ছিলেন। আত্ব-তাকওয়া প্রকল্প পরিদর্শনকালে প্রবাসী নেতৃবৃন্দ জানান, বাস্তবায়নাধিন আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নার্সিং হোম, নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসাসহ চলমান প্রকল্পের কাজ পর্যায়ক্রমে সমাপ্ত হবে। তারা আশা প্রকাশ করেন এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নতি ঘটবে।
উল্লেখ্য, ১শ ৫০শতক জমিতে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ‘আত্ব-তাকওয়া প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের অংশ হিসেবে গত ১২ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’ এবং গত ১২ মে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক ‘আত্ব-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র ভিত্তিস্থাপন করেন।



