সিলেটে মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে অপহরণ : ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার- ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৬, ৮:৪২:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় মোবাইল ফোনে বন্ধুত্বের ফাঁদ পেতে এক যুবককে অপহরণের ঘটনায় নারীসহ পাঁচজন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে কুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অপহৃত যুবককে উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মীম আক্তার নাহিদা (২২), মিল্লাত (২০), শিল্পি বেগম ওরফে শিল্পি দেওয়ান (৪০), এমরান খান (২৪), স্বপন আহমেদ (২৩)।
পুলিশ জানায়, জিল্লুর রহমান (২৭) নামে এক যুবকের সাথে কিছুদিন আগে মীম আক্তার নাহিদা নামে এক তরুণীর মোবাইল ফোনে পরিচয় হয়। সেই সুবাদে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মীম আক্তার পরিকল্পিতভাবে জিল্লুর রহমানকে দেখা করার কথা বলে এয়ারপোর্ট থানাধীন ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ বড়বাজার এলাকায় ডেকে নেন। সেখানে পৌঁছামাত্র মীম ও তার সহযোগীরা জিল্লুরকে ঝাপটে ধরে মারধর শুরু করে এবং জোরপূর্বক একটি সিএনজিতে তুলে কুনিপাড়া এলাকার একটি ঘরে আটকে রাখে। সেখানে তাকে বেধড়ক মারধর করে পকেটে থাকা ৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এসময় ভিকটিমের চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হলে বিষয়টি জানাজানি হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এর মাধ্যমে খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ কুনিপাড়ার একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে জিল্লুর রহমানকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, এই ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।




