স্ত্রীর সাথে ঝগড়ার জেরে কমলগঞ্জে ফাঁস লেগে যুবকের আত্মহত্যা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৬, ৮:৫১:২৫ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে রমজান আলী(৪০) নামে দুই সন্তানের জনক আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রমজান বল্লরামপুর গ্রামের আনসার মিয়ার ছেলে।
সকালে শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলমের নেতৃত্বে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ত্রীর সাথে গত শুক্রবার ঝগড়া হয়। ঝগড়ার এক পযার্য়ে স্ত্রীর পায়ে দেশীয় অস্ত্র আঘাত করে। স্ত্রী মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা নিয়ে বাবার বাড়িতে চলে যায়। বিচারের ভয়েই সে আতংকিত হয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার স্বামী-স্ত্রীর মধ্য ঝগড়া হয়। এক পযায়ে স্ত্রীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এ নিয়ে হয়তো ভয়েই সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।




