প্রাথমিকে জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষিকা কোম্পানীগঞ্জের মাহমুদা আক্তার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৬, ১০:০১:০২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা : প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সিলেট জেলার শ্রেষ্ঠ স্কাউট (কাব) শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মাহমুদা আক্তার। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।
গতকাল বুধবার সিলেটের জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মো. সারওয়ার আলম এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৭মে মাহমুদা আক্তার কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
শিক্ষকতা পেশার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা ও শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মাহমুদা আক্তার এ স্বীকৃতি অর্জন করেন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক আমিনুর রহমান জসিম তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তাঁর আগামী দিনের সাফল্য এবং শিক্ষা ও স্কাউটিং কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষা ও স্কাউটিং অঙ্গনে তাঁর এই অর্জন কোম্পানীগঞ্জ উপজেলার জন্য গৌরবের।
জানা গেছে, আজ বৃহস্পতিবার ৪ জুন তিনি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।



