কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ জনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৬, ৮:৪৮:৩৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের কাতারে এক মর্মান্তিক সড়ক র্দুঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার ৫ প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় একজন ভারতীয় গাড়িচালকও নিহত হয়েছেন। এ ঘটনায় কানাইঘাটে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ৫ জন হলেন- উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে জিবাল আহমদ (৩৫), মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩৮), আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ (২৭), একই গ্রামের মড়া মিয়ার ছেলে জুবের আহমদ (২৮) ও বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (৩৩)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ৫ প্রবাসী জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে মধ্যপ্রচ্যের কাতারে বসবাস করে আসছেন। প্রতিদিনের মত রোববার বাংলাদেশ সময় সকাল ১০টায় কাজের উদ্দেশ্য কাতারের দোহা থেকে একটি প্রাইভেট গাড়ি যোগে সানিয়া নামক স্থানে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মুল সড়ক থেকে দুমড়েমুচড়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক সহ ঐ ৫ বাংলাদেশী নিহত হন। গাড়ির চালক একজন ভারতীয় নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেলেও তার পরিচয় জানা যায়নি।
নিহত কাদির আহমদের পিতা বাহার উদ্দিন জানান, ৪ বছর পূর্বে তার ছেলে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে কাতারে পাড়ি দিয়েছিলেন। আগামী মাসে কাদিরের দেশে ফেরার কথা ছিল। কাদির আহমদ সহ অপর ৪জন দরিদ্র পরিবারের সন্তান। তারা কাতারের একটি মাজরায় কাজ করত। এদিকে নিহতদের লাশ সরকারী খরচে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন স্বজনেরা।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘কাতারের আল শাহানিয়ার এলাকায় কানাইঘাটের পাঁচজন প্রবাসী নিহত হয়েছেন। আমরা তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছি।’




