দিরাইয়ে নাছির চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৬, ৯:৫৩:৩০ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ- সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনের সংসদ সদস্য (এমপি) নাছির উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র, সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি। আজ সোমবার (৬ জুলাই) বেলা ১২টায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির তালুকদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সরকার ও স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সংসদ সদস্যের নির্দেশনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ‘হাওর মানবিক সহায়তা কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বক্তব্যে উল্লেখ করা হয়, সহায়তা কার্ডের সংখ্যা সীমিত হওয়ায় সব ক্ষতিগ্রস্ত কৃষককে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের সমন্বয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল মানববন্ধন, মিছিল-মিটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একই সঙ্গে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা তথ্য ও ছবি প্রচার করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন নেতৃবৃন্দ।
এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার।
ওই সময় নাছির উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানানোর পাশাপাশি এ ধরনের অপপ্রচারে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির মিয়া, সাবেক প্রচার সম্পাদক হাজী বাচ্চু মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাইদ চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়সর ইসলাম, আব্দুল হাফিজ, সোয়েল আহমদ, উলামা দলের আহ্বায়ক মাওলানা রজব আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জামিল মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



